শেন ওয়ার্নের মাথায় সাপের কামড়

এক টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নিতে গিয়ে সাপের কামড় খেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্ন। তবে সুস্থ আছেন ওয়ার্ন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।
 
‘আই এম এ সেলিব্রিটি...গেট মি আউট অফ হেয়ার(I’m A Celebrity... Get Me Out Of Here)’ টিভি অনুষ্ঠানে বাক্সভর্তি সাপের মধ্যে মাথা ডুবাতে গিয়ে ঘটে এই বিপত্তি। এক বাচ্চা এনাকোন্ডা সাপ কামড়ে বসে তাকে। নেটওয়ার্ক টেন এর এক মুখপাত্র জানান, সাপগুলোর বিষ নেই তবে এগুলো খুবই আক্রমণাত্মক।
 
 
তিনি বলেন, ‘এনাকোন্ডা সাপের প্রায় ১০০টি দাঁত রয়েছে এবং এগুলো কামড়ের আঘাত ১০০টি সুঁচের আঘাতের মতো হবে।’
 
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানায়, যদিও ওয়ার্নের আঘাত তেমন গুরুতর নয়। তবু তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।
 
সারাবিশ্বের ব্যাটসম্যানদের আতঙ্ক শেন ওয়ার্নও জানান যে সাপকে খুবই ভয় পান তিনি। তাই ব্যাপারটি তার কাছেও খুবই রোমহর্ষক ছিল। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ।