আশুগঞ্জে চট্টলা ট্রেনের ইঞ্জিন বিকল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের আউটারে শহীদ আব্দুল হালিম রেল সেতুর ওপর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ভৈরব রেলস্টেশন থেকে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিন এনে প্রায় দেড় ঘণ্টা পর বিকাল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
 
এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলস্টেশনে যাত্রবিরতি দেয়। যাত্রবিরতি শেষে স্টেশন ছেড়ে যাওয়ার পর রেলস্টেশনের আউটারে শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলসেতুর ওপর যাওয়ার পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকাগামী বিভিন্ন ট্রেন ব্রাহ্মণবাড়িয়া ও তালশহর স্টেশন এবং চট্ট্রগ্রাম ও সিলেটগামী বিভিন্ন ট্রেন ভৈরব স্টেশনে আটকা পড়ে। পরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটি ভৈরব স্টেশনে টেনে এনে বিকাল সাড়ে তিনটার দিকে রেলযোগাযোগ স্বাভাবিক করা হয়।