ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে বরগুনার বামনা উপজেলায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দুগ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- সৈকত মৃধা (২৫), নিজাম মৃধা (৫৬), ছগির (৩৫), সাইদুর (২৮), জলিল ও আজাদ। আহতদের বামনা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে সৈকতের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মিজানুর রহমান ও অ্যাড. শাহজালালের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ ভোটের মাধ্যমে মিজানুর রহমানকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে সুপারিশ করে। কিন্তু কেন্দ্র থেকে বর্তমান চেয়ারম্যান শাহজালাল মনোনয়ন পেয়েছে বলে তার সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন স্থানে মিছিল করে। এ সময় তাদের ওপর মিজানুর রহমানের সমর্থকরা হামলা করে। এতে দুগ্রুপের কমপক্ষে ছয়জন আহত হয়।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, দুগ্রুপের সংঘর্ষ ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।