ঢাকার ধামরাইয়ে সোনালী ব্যাংকের একটি শাখার ছাদ কেটে ভল্টে ঢুকে চুরি করার ঘটনায় র্যাবের গুলিতে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সোনালী ব্যাংকে চুরি করার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় ছয়জন চুরির ঘটনার সঙ্গে ছিলেন বলে জানা গেছে।
এদিকে ধামরাই থানার ওসি রেজাউল করিম জানান, রাতের শেষ দিকে ধামরাই বাজারের রিয়াজ উদ্দিন মার্কেটে অভিযানে র্যাবের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন এক চোর নিহত হয়েছেন।
ওই ভবনের একটি বাসায় তারা থাকতেন। এ সময় মোট নারীসহ ৫ জনকে র্যাব আটক করে। একই পরিবারের সদস্য পরিচয় দিয়ে তারা ওই ব্যাংকের ওপর তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত মাসুকের (৫৫) লাশ ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। তার বাড়ি ঢাকা দক্ষিণের কোতয়ালী থানায়।
আটককৃতদের র্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব-৪ এর এসআই সুপ্রভাত মণ্ডল।