দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন ও চেকপোস্টে এক কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ওই ছাত্রী ভারত থেকে দর্শনা-জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর কাস্টমস এ পাসপোর্ট চেকিংয়ের জন্য ইমিগ্রেশন রুমে প্রবেশ করার আগে দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের আব্দুল গফুরের ছেলে চেকপোস্টের কথিত দালাল মহিদুল ইসলাম বাবা-মায়ের সামনে কলেজপড়ুয়া মেয়েকে জোরপূর্বক যৌন হয়রানি করে। ওই ছাত্রী চিৎকার করলে মহিদুল ইসলাম পালিয়ে যায়।
দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
খবর পেয়ে পুলিশ সুপার রাশিদুল হাসান ও চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আমির মজিদ ঘটনার সঙ্গে জড়িতকে দ্রুত আটক করে আইনের আওতায় নিয়ে আসতে নির্দেশ দিয়েছেন।