টঙ্গীতে শুরু হয়েছে আঞ্চলিক ইজতেমা

টঙ্গীর কহর দরিয়াখ্যাত তুরাগ নদীর তীরে আজ শুক্রবার বাদ ফজর থেকে বাংলাদেশের মাওলানা মনিরুল ইসলামের আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী গাজীপুর জেলার আঞ্চলিক ইজতেমা। শেষ হয়ে যাওয়া এবারের ৫১তম বিশ্ব ইজতেমায় এই জেলাসহ কয়েকটি জেলা অংশগ্রহণ করতে না পারায় ইজতেমার আগে জেলাওয়ারি ভাবে আঞ্চলিক ইজতেমা করার ঘোষণা দেন ইজতেমার শীর্ষ মুরুব্বিরা।
 
এরই ধারাবাহিকতায় আজ থেকে তিনদিন ব্যাপী শুরু হলো গাজীপুর জেলার এবারের প্রথম আঞ্চলিক ইজতেমা। ইজতেমা ময়দানে জুম্মার নামাজ আদায় করতে ঢাকা ও এর আশপাশ এলাকা থেকে কয়েক হাজার মুসল্লি আসতে শুরু করেছে। জুম্মার নামাজে ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা মোশারফ হোসেন।
 
ইজতেমায় ওলামায়ে কেরামগণ তাবলীগ জামায়েতের ছয় উসুল যথা - ঈমান, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমীন, তাসহীহে নিয়ত, দাওয়াত ও তাবলীগ সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক মূল্যবান বয়ান রাখবেন।
 
ইজতেমা কমিটির শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, ২০১৬ সনের ৫১তম বিশ্ব ইজতেমায় গাজীপুর জেলার নাম না থাকায় তারা ওই ইজতেমায় অংশগ্রহণ করতে পারে নি। যার কারণে আজকের তিনদিন ব্যাপী ইজতেমায় শুধু এই জেলার মুসল্লিরাই অংশগ্রহণ করবেন। এরই মধ্যে এলাকার প্রায় ৫০হাজার মুসল্লি ইজতেমায় অংশ নিতে ময়দানে উপস্থিত হয়েছেন। আগামী রবিবার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের আঞ্চলিক ইজতেমা। ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা দিতে জেলা পুলিশের বিশেষ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।