পয়েন্ট টেবিলের শীর্ষে বেশ স্বাচ্ছন্দেই আছে বার্সেলোনা। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে আছে ৯ পয়েন্ট। তবু লিগের অনেকটা পথ এখনো বাকি। আর এজন্যই সতর্ক বার্সা। শনিবার অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পালমাসের বিপক্ষে সতর্কেই থাকবে মেসি-সুয়ারেজরা।
আগামী শনিবার স্পেনের শীর্ষ লিগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই ম্যাচে নামার আগে ২৪ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে তারা। শিরোপার আরেক দাবিদার তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৫৩।
অন্যদিকে ২৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পালমাস আছে তালিকার অষ্টাদশ স্থানে। লিগে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে তারা।
বার্সেলোনা ডিফেন্ডার আলেইশ ভিদাল সতীর্থদের সতর্ক করে দিয়ে বলেন, “আমি ছোট দলের হয়ে খেলেছি, যেখানে লক্ষ্য হচ্ছে উপরের দিকে থাকা। আর বড় দলগুলোর বিপক্ষে ম্যাচে তাদের থাকে বাড়তি অনুপ্রেরণা। লিগ শেষ হতে এখনও লম্বা পথ বাকি। এখনও কিছুই ঠিক হয়ে যায়নি। আমরা সবাই যেটা করতে পারি তা হলো সপ্তাহান্তের ম্যাচে মনোযোগ দেওয়া।’
স্পেনের লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ গোল (মোট ৩০১) করা মেসির জন্য পালমাস ম্যাচ একটি চ্যালেঞ্জও। লা লিগায় মুখোমুখি হওয়া যে চারটি দলের বিপক্ষে গোল পাননি আর্জেন্টিনার এই ফরোয়ার্ড, তাদের মধ্যে পালমাস একটি। তবে শনিবারই সে রেকর্ড ভেঙে যেতে পারে বলেই বিশ্বাস মেসিভক্তদের।