প্রথমবারের মতো অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগ খেলে দেশে ফিরেছেন তামিম, সাকিব ও মুশফিক। তবে এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নিয়ে নিজের হতাশা ব্যক্ত করলেন বাংলাদেশে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
পিএসএলে আট ম্যাচের মাত্র তিনটিতে খেলার সুযোগ পেয়েছেন মুশফিক। ২৪ দশমিক ৫০ গড় নিয়ে তার রান মাত্র ৪৯। যেখানে সর্বোচ্চ স্কোর ছিল ৩৩।
তবে নিজের প্রতিভা দেখানোর কোনো সুযোগই আসলে সেভাবে পাননি তিনি। তিন ম্যাচের দুটিতেই ব্যাটিং করতে সাত নম্বরে নামানো হয়েছে তাকে।মুশফিক বলেন, 'আমি জানি, আমি আরো ভালো করতে পারতাম। কিন্তু আপনারা নিশ্চয় বুঝবেন- আমি তেমন কোনো সুযোগই পাইনি। সাত নম্বরে নেমে ব্যাট করতে ব্যাট করতে আমি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবুও স্কোর বোর্ডে কিছু রান যোগ করার আপ্রাণ চেষ্টা করে গেছি।' তিনি আরো বলেন, 'টাকাটা কোনো বিষয় না আমার কাছে। আমি সেখানে গিয়েছিলাম ভালো খেলার জন্য। কিন্তু কোনো সুযোগই দেয়া হলো না।'
এছাড়া সার্বিক ভাবে পিএসএল আয়োজন সম্পর্কেও অসন্তুষ্টি প্রকাশ করেছেন টাইগারদের 'মিস্টার ডিপেন্ডেবল'। তিনি বলেন, 'টুর্নামেন্ট সাজানো গোছানো হলেও যারা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিল না তাদের অনুশীলন করার কোনো ব্যবস্থাই ছিল না। আমি বলব, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পিএসএলের চেয়ে অনেক ভালো ছিল।'