নড়াইয়ে পিকনিক বাস খাদে পড়ে আহত ৪০

বাগেরহাট থেকে নড়াইলের পিকনিক স্পটে আসা পিকনিকের বাস খাদে পড়ে শিশু, নারীসহ অন্তত ৪০জন আহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া এলাকার স্বপ্নবিথি পিকনিক স্পটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা লোহাগড়া, নড়াইল, খুলনা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে রয়েছে আদরি, মিথিলা, নাদিয়া, আলিফ, সোহাগ শেখ, হাজেরা, রাতুল, জুথি, সেলিনা, সাদিয়া, সামিয়া, এ্যানি, মহামায়া, প্রণব, বিসুদেব, সুমিসহ ৪০ জন।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সকালে বাগেরহাট সদরের আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ প্রায় ৬৫জন যাত্রী নিয়ে একটি বাস(ঢাকা-চ-৪০৩৭) লোহাগড়া পিকনিক স্পটে আসে। পিকনিক শেষে বাড়ি ফেরার জন্য পিকনিক স্পটের পাশ্ববর্তী মাঠ থেকে  বাসটি যাত্রী নিয়ে মূল সড়কে উঠতে গেলে হঠাৎ একটি মোটরসাইকেল ওই রাস্তায় ঢুকে যায়। মোটর সাইকেলটিকে সাইড দিতে গেলে বাসটি পাশ্ববর্তী খালে পড়ে যায়। এসময় বাসটি ২/৩বার উল্টে গেলে শিশু, নারীসহ অন্তত ৪০জন আহত হয়। রাস্তা সরু হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে সূত্র জানায়।
 
পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নড়াইল সদর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
 
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের খোঁজ-খবর নেন।