নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বউ ও শাশুরীকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার খায়রুল বাসারের বাড়ি থেকে নিহত দুজনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে রক্তমাখা একটি ধারালো বটিসহ পাষণ্ড স্বামী কাউসার(৩০)কে আটক করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, মোহাম্মদ কাউসার (৩০) ও তার স্ত্রী লাভলী আক্তার উপজেলার কাঁচপুর এলাকায় একটি গার্মেন্ট কারখানার শ্রমিক। মোহাম্মদ কাউসার বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার ৩ নং ওয়র্ডের ছারোয়ার ফকিরের ছেলে। সে তার পরিবার নিয়ে কাঁচপুর উত্তরপাড়া এলাকায় খায়রুল বাশারের বাড়িতে ভাড়া থাকতো। গত কয়েকদিন যাবৎ তাদের মধ্যে পরিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে তাদের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
রাত ৯টার দিকে এক পর্যায়ে ঘরে ভিতরে স্ত্রী লাভলী আক্তার ও তার মা রাশিদা বেগমকে কুপিয়ে হত্যা করে কাউসার। এ সময় কাউসার পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাউসারকে আটক করে এবং নিহত লাভলী আক্তার ও তার মা রাশিদা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান জানান, ঘাতক কাউসারকে আটক করা হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেছে।