মাশরুম চাষ প্রকল্প হাতে নিয়েছেন জেলা প্রশাসক

 
পুষ্টিকর এবং ঔষুধিগুণ সম্পন্ন উৎকৃষ্ট সবজি মাশরুমকে জেলার সর্বস্তরে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিশেষ পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। নিজ বাসভবনে ছোট পরিসরে মাশরুম চাষের ব্যবস্থা করেছেন তিনি। শনিবার দুপুরে সাংবাদিকদের এ প্রকল্প ঘুরিয়ে দেখান তিনি।
 
এ সময় জেলা প্রশাসক বলেন, সারাবছর আদ্রতা বেশি থাকায় সুনামগঞ্জ জেলার আবহাওয়া ও জলবায়ু পুষ্টিকর এই সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। জেলার হাওর অঞ্চলের লোকজন বছরের একটি নির্দিষ্ট সময় জলাবদ্ধ থাকায় এবং সে সময়হাতে উল্লেখযোগ্য কাজকর্ম না থাকায় মাশরুম চাষকে বিকল্প পেশা হিসেবে বেছে নিতে পারেন। এই সবজিটি ঘরের মধ্যে অল্প জায়গায় চাষ করা যায় এবং মাত্র ৭ থেকে ১০ দিনেই আহারযোগ্য মাশরুম পাওয়া যায়।
 
এর চাষাবাদে তেমন কোন খরচ নেই বললেই চলে এবং খুব বেশি জমিরও প্রয়োজন হয় না। এই চাষকে সর্বস্তরে ছড়িয়ে দিতে পারলে এবং এর সুষ্ঠু বিপণনের ব্যবস্থা করা গেলে মাশরুম চাষের মাধ্যমে সুনামগঞ্জ জেলার দরিদ্র জনগণ খুব সহজেই আত্মনির্ভরশীল হতে পারেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনসুর উদ্দিন প্রমূখ।