বাগেরহাটে বাড়ির সবাইকে অচেতন করে লুট, আটক ৩

বাগেরহাটে পরিবারের সব সদস্যকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকাসহ বিভিন্ন মালপত্র লুটের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 
 
জানা গেছে, শনিবার সকালে বিষ্ণুপুর গ্রামের এশারাত শেখের বাড়ির সদস্যদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের অচেতন অবস্থায় দেখতে পায়| পরে স্থানীয়রা সবাইকে সদর হাসপাতালে ভর্তি করলে দুপুর আড়াইটার দিকে তাদের জ্ঞান ফেরে।
 
সদর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান জানান, একই গ্রাম থেকে পুলিশ তিনজনকে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন মালপত্রসহ আটক করে। আটককৃতরাই এশারত শেখের বাড়ির সদস্যদের অচেতন করে লুটের কথা স্বীকার করেছে। তারা জানালা ভেঙে ভিতরে ঢুকে ঘুমিয়ে থাকা সবাইকে স্প্রে করে অচতেন করে। পরে মালপত্র লুট করে নির্বিঘ্নে চলে যায়।
 
আটককৃতরা হলেন একই গ্রামের অসেল খাঁর ছেলে রজ্জব আলী (৪০), মোরেলগ্ঞ্জ উপজেলার বৌলপুর গ্রামের গণি হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (৪৫) ও কচুবুনিয়া গ্রামের মোজাম সরদারের ছেলে রিপন (৪০)।