অলিম্পিকের ব্রাজিল দলে নিশ্চিত নয় নেইমার : এনরিকে

 
রিও ডি জেনিরো অলিম্পিকে ঘরের মাঠে খেলা নিশ্চিত নয় নেইমারের। তার এই অনিশ্চয়তার কথা জানিয়েছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। তিনি জানান, এ সময় তাকে ছাড়া হবে কি না, বিষয়টি বিবেচনা করে দেখা হবে।
 
১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে স্পেনের হয়ে সোনা জয় করেছিলেন এনরিকে। তিনি বলেন, 'নিজের দেশে অলিম্পিক গেমস যে কোনো ক্রীড়াবিদের জন্যই বিশেষ ব্যাপার। নেইমারের এরই মধ্যে আগে কোপা আমেরিকায় খেলার কথা। সব সময় খেলোয়াড়টির ভালো সবার আগে বিবেচনা করে আমাদের দেখতে হবে আমরা পরিস্থিতি কিভাবে সামলাতে পারি, যাতে তার উপর অতিরিক্ত চাপ না পড়ে।'
 
২০১২ সালে লন্ডন অলিম্পিকের ফাইনালে মেক্সিকোর কাছে হেরে যাওয়া ব্রাজিল দলের সদস্য ছিলেন নেইমার। আগামী আগস্টে দেশের মাটির অলিম্পিকে বেশি বয়সী তিন খেলোয়াড়ের একজন হিসেবে খেলতে চাওয়ার ইচ্ছা আগেই জানিয়ে রেখেছিলেন ২৪ বছর বয়সী তারকা এই ফরোয়ার্ড।
 
অলিম্পিকে মূলত কোনো দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলে। তবে কোচ চাইলে তিন জন বেশি বয়সী খেলোয়াড় দলে নিতে পারেন।
 
কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী জুনে যুক্তরাষ্ট্রে হবে এই টুর্নামেন্টের বিশেষ আসর। সেখানেও খেলার কথা নেইমারের। এনরিকে চান না, ২০১৬-১৭ মৌসুম শুরুর আগে নেইমার ক্লান্ত হয়ে পড়ুন।