সুন্দরবনের কচিখালীর বলেশ্বরের আইনের আটবাম এলাকায় শনিবার জলদস্যুদের গুলিতে ইসমাইল হোসেন (৩২) নামে এক জেলে নিহত হয়েছে। এ সময়ে দস্যুরা চার জেলেকে পিটিয়ে গুরুতর আহত করে। দস্যুরা ট্রলারের আরেক মাঝিকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে।
আজ দুপুরে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত জেলে ইসমাইল হোসেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপদোন গ্রামের আজগর আলীর ছেলে। আহতরা হলেন: নাসির, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন ও রিয়াজ উদ্দিন। এদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপদোন গ্রামে।
দস্যুদের হামলা থেকে ফিরে আসা জেলে নাসির উদ্দিন জানিয়েছেন, শুক্রবার রাত অনুমান ৯টার দিকে সুন্দরবনের কচিখালীর বলে¡শর আইনের আটবাম এলাকায় তারা মাছ ধরার জন্য জাল টানছিলেন। এসময় পেছন থেকে ১৫ থেকে ২০ জনের সশস্ত্র দস্যু বাহিনী তাদের ধাওয়া করে ট্রলারে হামলা চালায়। তারা চিৎকার দিলে দস্যুরা প্রথম ফাঁকা গুলি ছুড়ে। এর কিছুক্ষণ পর তাদের ট্রলারের কাছাকাছি এসে গুলি ছুড়লে ইসমাইল নামের এক জেলের বুকে গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রলারে উঠে ওই দস্যুরা ৪ জেলেকে পিটিয়ে গুরুতর আহত করে।