মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি ভুট্টাক্ষেত শনিবার বিকালে আবদুল লতিফ (২৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার রাধানগর গ্রামের নজিমুদ্দিনের ছেলে আবদুল লতিফ ১৫ দিন ধরে শেখরিনগর গ্রামে আখ মাড়াইয়ের কাজ করে আসছে। প্রতিদিনের মতো শুক্রবার সকালে তিনি আখ মাড়াই করতে যায়। ওইদিন রাতে কাজ শেষে বাড়ি না ফিরলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। শনিবার বিকালে বাড়ির পাশে ভুট্টাক্ষেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার গলাকাটা লাশ উদ্ধার করে।
লতিফের পিতা নজিমুদ্দিন বলেন ‘তার পুত্রবধূ আসমা বেগমের (৩০) সঙ্গে এলাকায় কয়েক জনের পরকীয়া সম্পর্ক আছে। এ নিয়ে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। তাদের মধ্যে কেউ ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে হত্যা করেছে।'
এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।