চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

পূর্ব বিরোধের জের ধরে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত প্রায় ৮টার দিকে চুয়াডাঙ্গা পশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রলীগ নেতা নাজমুল হক বিপ্লবকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ার  জাকির হোসেনের ছেলে নাজমুল হক বিপ্লব সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক। ঘটনার সময় সে পশু হাসপাতালের সামনে বসেছিল। ওই সময়  মোটরসাইকেলে চড়ে  কয়েকজন এসে বিপ্লবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত বিপ্লবকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সউদ করিম তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে বলেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ঘটনাটি ঘটেছে। অভিযোগ পেলেই এই বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।