সাতক্ষীরায় সংঘর্ষ: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

 
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলায় আসন্ন্ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
 
রবিবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকা থেকে পুলিশ শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদকে গ্রেফতার করে। এর আগে শনিবার রাতে শ্রীউলা গ্রাম থেকে আরিশ মোল্যা, মিলন ও রাজু নামক তিনজনকে গ্রেফতার করে।
 
শনিবার সকালে মহিষকুড় মুক্তিযোদ্ধা অফিসের সামনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চেয়ারম্যান আবু হেনা সাকিলসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।