জো বার্নস ও স্টিভেন স্মিথের শতকে ও রেকর্ড জুটিতে ক্রাইস্টচার্চ টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে অস্টেলিয়া। রোববার ১ উইকেটে ৫৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ৪ উইকেটে ৩৬৩ রানে। ৬ উইকেট হাতে নিয়ে পিছিয়ে আছে তারা মাত্র ৭ রানে। আগের দিন প্রথম ইনিংসে ৩৭০ রানে অল আউট হয়েছিল নিউজিল্যান্ড।
দিনের শুরু আর শেষ মিলিয়ে তিনটি উইকেট নিলেও সারাদিনে মাঝে আর উইকেট নিতে পারেনি নিউ জিল্যান্ড। প্রথম দিনে ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটে ছিল খ্যাপাটে ইনিংস। দ্বিতীয় দিনে বার্নস ও স্মিথ মেলে ধরলেন ধ্রুপদি টেস্ট ব্যাটিংয়ের প্রদর্শনী। দিনের চতুর্থ ওভারেই উইকেট আনন্দে মেতেছিল কিউইরা। দুর্দান্ত ফর্মে থাকা উসমান খাজাকে (২৪) ফিরিয়ে দেন ট্রেন্ট বোল্ট। উজ্জীবিত কিউই পেসাররা প্রথম ঘন্টায় দারুণ বোলিং করেছেন। কিন্তু দাঁতে দাঁত কামড়ে সেই সময়টা কাটিয়ে দেন বার্নস ও স্মিথ। ক্রমেই সহজ হয়ে আসা উইকেটে পরে কিউইদের ওপর ছড়ি ঘোরান দুজনই।
IMG0
বার্নসের জন্য ইনিংসটি ছিল অস্ট্রেলিয়ার টপ অর্ডারে জায়গা পোক্ত করার চ্যালেঞ্জ। ডানহাতি ওপেনার চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছেন দারুণভাবে; ১৭০ রানের ইনিংসটি টেস্টের আঙিনায় তাকে দেবে শক্ত ভিত। দশম টেস্টে বার্নসের এটি তৃতীয় শতক, দেশের বাইরে প্রথম। ছোট একটা রেকর্ডও গড়েছেন। নিউজিল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ান ওপেনারের সর্বোচ্চ ইনিংস বার্নসের এই ১৭০। আগের সেরা ১৫৯ ছিল ইয়ান রেডপাথের, সেই ১৯৭৩-৭৪ মৌসুমে। স্মিথ পেয়েছেন ৪১ টেস্টে ১৪তম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে ১১ টেস্টে ষষ্ঠ শতক! নেতত্বের ১১ টেস্টে ব্যাটিং গড় তার ৮৩.৮৩, বাকি ৩০ টেস্টে ৫১.৮৩।
IMG1
তৃতীয় উইকেটে বার্নস-স্মিথ গড়েছেন ২৮৯ রানের জুটি। নিউ জিল্যান্ডের মাটিতে যে কোনো উইকেটেই এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জুটি। ১৯৭৪ সালে ওয়েলিংটনে ২৬৪ রানের জুটি গড়েছিলেন দুই ভাই, ইয়ান ও গ্রেগ চ্যাপেল। সকালের পর সারা দিনে আর খুব একটা প্রভাব রাখতে পারেনি ৫ পেসারের কিউই বোলিং আক্রমণ। মনে হচ্ছিল দিনটা অনয়াসেই পার করে দেবেন বার্নস-স্মিথ। শেষের আগে হঠাৎই নিল ওয়াগনারের জোড়া আঘাত। দুজনই আউট ঠিক একই ভাবে।
দিনের খেলার বাকি তখন মিনিটে পনের। ওয়াগনারের বাউন্সারে হুক করে বলটা মাটিতে রাখতে চেয়েছিলেন বার্নস, কিন্তু বল চলে যায় সোজা স্কয়ার লেগে মার্টিন গাপটিলের হাতে। পরের ওভারে ঠিক একইরকম বাউন্সার, স্মিথও চেষ্টা করেছিলেন পুল করে বল নিচে রাখতে। কিন্তু আবারও স্কয়ার লেগে গাপটিলের হাতে ধরা! অস্ট্রেলিয়ান অধিনায়ক করেছেন ১৩৮। নাইটওয়াচম্যান নাথান লায়নকে (৪*) নিয়ে বাকি সময়টুকু পার করেছেন অ্যাডাম ভোজেস (২*)। তৃতীয় দিনেও কিউই বোলারদের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। ক্রিকইনফো।