সোনাতলায় ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা

বগুড়ার সোনাতলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। সরগরম হয়ে উঠেছে নির্বাচন এলাকা ৬টি ইউনিয়ন।
 
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আলমগীর জানান, এ উপজেলায় ৭টি  ইউনিয়নের মধ্যে বালুয়া ইউনিয়ন ব্যতীত সোনাতলা সদর, জোড়গাছা, দিগদাইড়, মধুপুর, তেকানী চুকাই নগর ও পাকুল্যা ইউনিয়নে নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ শুরু ১৮ ফেব্রুয়ারি ও জমাদানের শেষ তারিখ ২ মার্চ। মনোনয়ন পত্র বাছাই ৫ ও ৬ মার্চ এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। প্রতীক বরাদ্দ ১৪ মার্চ। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। উল্লেখিত ৬ ইউনিয়নে এখন পর্যন্ত মোট ভোটার সংখ্যা এক লাখ চার হাজার।
 
সোনাতলা সদর ও মধুপুর ইউনিয়নে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন অফিসার মোদ. আলমগীর, জোড়গাছা ও দিগদাইড় ইউনিয়নে উপজেলা সমাজ সেবা অফিসার মো. সামিউল ইসলাম এবং তেকানী চুকাই নগর ও পাকুল্যা ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসান হাবীব রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
 
বালুয়া ইউনিয়নে গত নির্বাচন বিলম্বে হওয়ার কারণে ইউনিয়নটির নির্বাচন এবারও বিলম্বে হবে। বিলম্ব হিসেবে বালুয়া ইউপির নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিসার মো. আলমগীর জানান।