নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

 
ভারতের নয়াদিল্লীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হচ্ছে।
 
দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। এসময় মহান শহীদ দিবস উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ইউনেস্কোর মহাপরিচালক এরিনা বিকোভার বাণী পাঠ করা হয়।
 
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান ভাষা শহীদ এবং মুক্তিযুদ্ধের শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
 
সন্ধ্যায় হাইকমিশনের মিলনায়তনে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।-বাসস।