খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজ মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

জেলার মাটিরাঙ্গা উপজেলার পর্যটন স্পট রিছাং ঝর্না এলাকা থেকে আজ সকাল সাড়ে এগারটার দিকে আজিজুল হক শান্ত (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
জানা গেছে, শান্ত ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতে গিয়ে গত বৃহস্পতিবার নিখোঁজ হয়েছিলেন।শান্ত মাটিরাঙ্গার নতুন পাড়া এলাকার ছালে আহম্মদের ছেলে। নিখোঁজের ঘটনায় নিহতের বাবা ছালে আহম্মেদ গত শুক্রবার মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 
মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং হত্যার রহস্য  উদঘাটনের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
 
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় উত্তেজিত লোকজন খাগড়াছড়ি-চট্টগ্রাম প্রধান সড়কের মাটিরাঙ্গায় দুপুর ১টা থেকে অঘোষিত অবরোধ পালন করেছে। ফলে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল ১ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।