১৯৮৬ সালে গড়া দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গায় নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে অভিনন্দন জানিয়েছেন ভিভ রিচার্ডস। দীর্ঘ তিন দশক পর ভিভ রিচার্ডসের রেকর্ডটি ভেঙ্গেছেন ম্যাককালাম।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্লাডিয়েটর্সের মেন্টর হিসেবে দুবাইতে থাকা ভিভ দুর্দান্ত এই কীর্তির জন্য ম্যাককালামকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় তিনি নিজেকে ম্যাককালামের ভক্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, 'ম্যাককালামকে অভিনন্দন জানাতে দিন। দীর্ঘ দিন ধরেই আমি তার ভক্ত। সুতরাং, দারুণ কীর্তির জন্য তাকে অভিনন্দন। আমি যেই কীর্তি গড়েছি সেটি যদি কাউকে ছাড়িয়ে যেতে দেখতে চাই তবে সেটা তুমি। তুমি খেলাটির গ্রেট অ্যাম্বাসেডর এবং ক্রিকেটটি আরো সুন্দর করে তুলেছো।'
এই রেকর্ড ভাঙ্গার পর নিজ প্রতিক্রিয়া জানাতে গিয়ে ম্যাককালাম বলেন, 'ভিভ (রিচার্ডস) আমার আইডল। তাকে দেখে বড় হয়েছি। তাই ভিভের মতো এক অসামান্য ক্রিকেটারের রেকর্ড ভাঙা অবশ্যই গর্বের। তবে সত্যি বলতে কী, একইসঙ্গে আমি লজ্জিত।'
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘তাণ্ডব’ চালিয়ে মাত্র ৫৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাককালাম। ৭৯ বলে ২১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৪৫ রানের দানবীয় ইনিংস খেলে তবেই থামেন তিনি। ভিভ ও পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক ৫৬ বলে সেঞ্চুরি করার রেকর্ডটির মালিক ছিলেন। শনিবার সেই রেকর্ড নিজের দখলে নেন ম্যাককালাম।
ক্যারিবিয়ান কিংবদন্তী ১৯৮৬ সালে ঘরের মাঠ এন্টিগুয়াতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে ২০১৪ সালের শেষের দিকে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করে ভিভের রেকর্ডে ভাগ বসান মিসবাহ।
প্রসঙ্গত, একইদিন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক বনে যান ম্যাককালাম। এতদিন ১০০ ছক্কা নিয়ে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে সমান্তরালে ছিলেন এই কিউই অধিনায়ক। শনিবার রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ক্রাইস্টচার্চ টেস্ট শেষেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন স্টাইলিশ ব্যাটসম্যান ম্যাককালাম। এবিসি অনলাইন।