অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রিটিশ-বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনস্থ আলতাব আলী পার্কের শহীদ মিনারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। রোববার প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।
জন বিগস বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিমূল।এই অমর একুশ হচ্ছে দেশে বিদেশে বাঙলাদেশী বংশদ্ভুত নতুন প্রজন্মের জন্য প্রেরণা। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের জন্য এ দিনটি তাৎপর্যপূর্ণ।
তিনি আরো বলেন, কখনো বাংলাদেশে বসবাস করেননি এমন বাংলাদেশী বংশীয়রা এই দিনকে কেন্দ্র করে তাদের ভিত্তিমূলের ইতিহাস ও সংস্কৃতি জানার এবং চর্চা করার সুযোগ পাবে বলে আমি বিশ্বাস করি।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার এম এ হান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময়ে আরও ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর খালেস উদ্দিন, কাউন্সিলর র্যাচেল স্যান্ডার্স, স্থানীয় লেবার পার্টির নেতা ক্রিস উইভার্স।এসময়ে কালো কোর্ট পরিহিত মি. জন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে তার সঙ্গীদের নিয়ে বেশ কয়েকটি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি।
অমর ভাষা দিবস উপলক্ষে লন্ডনের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের হাতে খড়ি অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এবং এসব অনুষ্ঠান অন্তত দুই সপ্তাহ চলবে। বাংলাদেশ হাইকমিশনে রোববার সকালে রয়েছে আলোচনা অনুষ্ঠানের আয়োজন।
স্থানীয় কয়েকটি সংগঠনের উদ্যোগে এবার প্রথম বারের মত প্রভাত ফেরির আয়োজন করা হয়। সকাল ১০ টায় আলতাব আলী পার্কে তা অনুষ্ঠিত হয়েছে। এতে লন্ডনে বাংলাদেশী বংশদ্ভুত নতুন প্রজন্মের শিশু ও কিশোরদের অংশ গ্রহণ ছিল দৃষ্টিনন্দন। তবে পূর্ব লন্ডনের বাইরে অনেক শহরে এ দিবসটি বাঙালিদের পাশাপাশি মূলধারার ব্রিটিশরাও পালনে আগ্রহী হয়ে উঠছেন।