ডি ভিলিয়ার্স-আমলার ব্যাটে দক্ষিণ আফ্রিকার জয়

বড় সংগ্রহ গড়েও জয়ের দেখা পেলনা  ইংল্যান্ড। এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
 
রবিবার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দুই বল বাকি থাকতে ১৭১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ১৪ ওভার ৪ বলে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেটের এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল স্বাগতিকরা।
 
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের বোলারদের দাঁড়াতেই দেন ডি ভিলিয়ার্স ও আমলা। তাদের ৫০ বলে ১২৫ রানে উদ্বোধনী জুটিতেই আসলে জয়ের ভিত পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
 
নবম ওভারে ফিরে যাওয়ার আগে ২৯ বলে ৭১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। তার অসাধারণ ইনিংসটি গড়া ৬টি করে ছক্কা ও চারে।   ডি ভিলিয়ার্স ফিরে যাওয়ার পর অধিনায়ক ফাফ দু প্লেসিকে (২২*) নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন আমলা। ৬৯ রানে অপরাজিত থাকা এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৩৮ বলের ইনিংসটিতে রয়েছে ৮টি চার ও ৩টি ছক্কা।