কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লা-চাঁদপুর সড়কে জেলার  বরুড়া উপজেলার চেঙাহাটা কেশনপাড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৮ যাত্রী আহত হয়েছে। রোববার সন্ধ্যায় চাঁদপুরগামী তিশা এক্সক্লুসিভ পরিবহনের একটি বাস দুটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে এক মহিলা যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে ৪ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
রাত সাড়ে ১০টায় হাইওয়ে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লুৎফুর রহমান জানান, তিশা পরিবহনের একটি বাস দু’টি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।  নিহতের মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা রয়েছে। দুর্ঘটনার পর নিহতের স্বজনরা মৃতদেহ নিয়ে যাওয়ার কারনে পুলিশ এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি বলে জানা গেছে।