চট্টগ্রামে ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে জাকির হোসেন রোডের পাহাড়িকা ফিলিং স্টেশনের বিপরীত রাস্তার ওপর থেকে এদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি দেশিয় তৈরি একনলা বন্দুক, ১টি সিঙ্গেল শুটার গান ও ২টি দেশিয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
 
গ্রেফতার তিনজন হলেন, কক্সবাজারের মহেশখালী থানার ছারাগা গোনা পানিরছড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. সেলিম (২০), আকবর শাহ থানার পশ্চিম ছলিমপুরের মৃত আবুল কালামের ছেলে মো. মোশারফ হোসেন (৪২) ও নোয়াখালীর চাটখীল থানার কালিকাপুর গ্রামের আবু ছিদ্দিক দেওয়ানের ছেলে মো. জহিরুল ইসলাম মানিক (২৫)।
 
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।