ডি ভিলিয়ার্স ও আমলার ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড

 
এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় টোয়েন্টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছে দক্ষিণ আফ্রিকা। রবিবার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
 
ইংল্যান্ডের করা ১৭১ রানের জবাবে ডি ভিলিয়ার্স ও আমলা উদ্বোধনী জুটিতে ৫৫ বলে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে ১৪.৪ ওভারেই দলের জয় নিশ্চিত করেন। গত মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করা ডি ভিলিয়ার্স ২৯ বলে ছয়টি করে ওভার বাউন্ডারি ও বাউন্ডারির করে ৭৯ রান সংগ্রহ করেন। একইসাথে ২১ বলে অর্ধ শতক রান করে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। অন্যদিকে আমলা ৩৮ বলে আটটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সহায়তায় ৬৯ রানে অপরাজিত থেকেই ইনিংস শেষ করেছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।
 
 
IMG0
 
ইংল্যান্ডের ইনিংসে চতুর্থ উইকেটে অধিনায়ক এউইন মরগ্যান ও জোস বাটলার মিলে ৫৫ বলে ৯৬ রানের যে ইনিংসে বড় স্কোর সংগ্রহ করে সফরকারীরা। তিন উইকেটে ১৫৭ রানে পৌঁছার পরে ইংল্যান্ডের ইনিংস ২০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু এ্যাবোটের এক ওভারে পরপর দুই বলে বাটলার (৫৪) ও মরগ্যান ফিরে গেলে ইংল্যান্ড শেষ সাত উইকেট হারায় মাত্র ১৪ রানে।
 
টি-২০ ম্যাচে ইনিংস সূচনা করতে পেরে খুশি ডি ভিলিয়ার্স। তিনি বলেছেন, এভাবেই আমি পারফর্ম করতে চাই। দলের প্রয়োজনে ইনিংস সূচনা করতেও অসুবিধা নেই।
 
এদিকে মরগ্যান জানিয়েছেন বোলারদের ব্যর্থতায় এতো বড় পরাজয় হয়েছে। ভারতে আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে অবশ্য ইংল্যান্ডের ভাল করার ব্যপারে আশাবাদী অধিনায়ক মরগ্যান। দলে অভিজ্ঞতার অভাব থাকলেও সত্যিকারের প্রতিভা দিয়ে তা সামলে ওঠা সম্ভব বলে তিনি মনে করেন।
 
দক্ষিণ আফ্রিকা সফরে এটাই শেষ ম্যাচ ছিল ইংল্যান্ডের। এই সফরে চার ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩-২ ব্যবধানে জয়ী হয়েছে।-বাসস।