ফুটবল মাঠে কোনো খেলোয়াড় অসদাচরণ করলে লাল কার্ড প্রদর্শন করে মাঠ থেকে বের করে দেয়ার ক্ষমতা রয়েছে রেফারির। কিন্তু তুরস্কের সুপার লিগে খোদ রেফারিকেই লাল কার্ড প্রদর্শন করেছেন এক খেলোয়াড়
ফুটবল মাঠের এই অদ্ভুতুড়ে কাণ্ডের হোতা ট্রাবজোন্সপোরের ডিফেন্ডার সালিহ দুরসুন। অবশ্য ‘বেরসিক’ রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন।। রোববার রাতে গালাতাসারের বিপক্ষে ম্যাচ চলার সময় ট্রাবজোন্সপোরের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানো নিয়ে বচসার এক পর্যায়ে রেফারির হাত থেকে লাল কার্ড পড়ে যায়। সেটা কুড়িয়ে নিয়ে রেফারিকেই দেখিয়ে দেন দুরসুন। ট্রাবজোন্সপোরের এই ডিফেন্ডারকেও তাই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।
ফুটবল মাঠে এই কাণ্ড অবশ্য নতুন কিছু নয়। ১৯৯৫ সালে এক ম্যাচে এমন কাণ্ডই করেছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবল পল গ্যাসকোয়েন। অবশ্য সেবার কার্ড ছিল হলুদ। তাই রেফারিও গ্যাসকোয়েনকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। চার লাল কার্ডের খাড়ায় সাত জন নিয়ে ম্যাচ শেষ করে ট্রাবজোন্সপোর। ম্যাচটি দুরসুনরা হারেন ২-১ গোলে। গার্ডিয়ান।