অবসরের প্রশ্নে বিরক্ত ধোনি

টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন, সীমিত ওভারেও মহেন্দ্র সিং ধোনির সময়টা বেশি ভালো না যাওয়ায় সেই অবসর নেয়ার প্রশ্ন উঠছে। তবে বার বার এই প্রশ্ন করলেই সীমিত ওভারের ক্রিকেটকে খুব তাড়াতাড়ি বিদায় দেবেন না বলে জানিয়েছেন তিনি।
 
৩৪ বছর বয়সী ধোনি ২০১৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজ খেলার পরে টেস্টকে অবসর জানান সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে। আর সাম্প্রতিক সময়ে ফর্মটা ভালো না যাওয়ায় সীমিত ওভারের ক্রিকেটকে কখন বিদায় জানাবেন সেই প্রশ্নও উঠেছে। বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ খেলার বিষয়ে ভারতে এক সংবাদ সম্মেলনে ধোনিকে অবসরের বিষয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের জবাবে ক্ষুব্ধ ধোনি বলেন, আমি যদি কোনো প্রশ্নের উত্তর ১৫ দিন বা এক মাস আগে দিয়ে থাকি সেটা এত দ্রুত পরিবর্তন হয় না। অবসর নেয়ার প্রশ্নের উত্তরটা একই, এটা আমার নাম জিজ্ঞাসা করার মতো যার উত্তর আমি সবসময় দেব এমএস ধোনি। একটা উল্লেখযোগ্য সময় পর্যন্ত উত্তরটা একই থাকবে। 
  
সাংবাদিকদের সমালোচনায় বিরক্ত ধোনি যোগ করেন, আমরা যাই করি ভারতে সেটা নিয়ে প্রশ্ন উঠে। আমরা যদি সহজেই ওয়ার্ল্ড টি টোয়েন্টি জিতি তাহলে প্রশ্ন উঠবে আমরা কী খুব তাড়াতাড়ি নিজের সেরা পর্যায়ে পৌঁছেছি? আর আমরা যদি ফাইনালে হারি তখন প্রশ্ন উঠবে আমরা কী এই চাপ নেয়ার যোগ্য! আর আমরা যদি নকআউট রাউন্ডে কোয়ালিফাই না করতে পারি তখন প্রশ্ন উঠবে আমরা হয়তো ঘরের মাঠে চাপ নিতে সক্ষম কী না? আমাকে ভালো প্রশ্ন করুন, শতভাগ নিশ্চিত থাকুন যে আমি উত্তর দেব। টাইমস অব ইন্ডিয়া।