মাধবপুরে গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দপুর সরকারি  উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
 
কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক (চিত্রাঙ্কণ, একুশের গান, কবিতা ও লিখিত বক্তব্য)  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। প্রভাতফেরির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রভাতেফেরিতে অত্র বিদ্যালয়ের সঙ্গে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক তথা সর্বস্তরের সাধারণ মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় সবার কণ্ঠে ছিল একুশের কালজয়ী সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ প্রভাত ফেরি শেষে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একুশের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় কথা সাহিত্যিক ও সেকায়েপের অতিরিক্ত প্রকল্প পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম।
IMG0
ড. মো. জাহাঙ্গীর আলম বলেন ‘আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলেই শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে। আর মানসম্মত শিক্ষা শুধু আরোপিত বিষয় দিয়ে সম্ভব নয়।  তা হতে হবে নিজের তাগিদে। ’
 
তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষক যদি তার সন্তানকে ভাল ফলাফল এবং  উচ্চশিক্ষা অর্জন করাতে পারে, তাহলে অন্যের সন্তানের উচ্চশিক্ষা তিনি নিশ্চিত করতে পারবেন না কেন। এক্ষেত্রে শিক্ষকদের আরো আন্তরিক হতে হবে।
IMG1
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদের প্রচুর বই পড়তে হবে।  বাস্তব জীবনে পাঠ্যবইয়ের বাইরের পড়াশোনাই বেশি কাজে লাগে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রভাষক মো. জহিরুল ইসলাম, ডা. জরিফ হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম।  সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান।  উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম।
 
শেষে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক’ এর পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।