সাম্প্রতিক মাসগুলোতে নিজের গোল খরা নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের তারকা খেলোয়াড় আরিয়েন রোবেন। চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচের জন্য বর্তমানে প্রস্তুত হচ্ছেন তিনি। আগামীকাল মঙ্গলবার ইউরোপীয় এই লড়াইয়ে জুভেন্টাসের মোকাবেলা করবে জার্মান জায়ান্টরা।
হল্যান্ডের এই আন্তর্জাতিক তারকা সর্বশেষ জালের দেখা পেয়েছিলেন ৭ নভেম্বর। বুন্দেসলিগার ওই ম্যাচে বায়ার্ন ৪-০ গোলে হারিয়েছিল স্টুটগার্ডকে। এরপর আটটি ম্যাচ তিনি কাটিয়েছেন গোল ছাড়া। সর্বশেষ ডার্মস্টার্ডের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে গোল খরা কাটানোর একটি সুযোগ অবশ্য পেয়েছিলেন রোবেন। ৩-১ গোলে জয় পাওয়া ওই ম্যাচে দারুণ একটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ফলে এখনো পর্যন্ত গোলহীন সময় বইয়ে বেড়াচ্ছেন রোবেন।
৩২ বছর বয়সী এই তারকা বিল্ডকে বলেন,‘ গোল করার ঘাটতি নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। আমি মোটামুটি ভাল খেলছি। নিজেও ভাল বোধ করছি। শুধু বলটিই লক্ষ্য বস্তুর দিকে যাচ্ছেনা। তবে এজন্য এমন ভাবার কারণ নেই যে আমি ব্যর্থ হচ্ছি। আমি শুধু এগিয়ে যেতে চাই। এক সময় এসে আপনা আপনিই গোল পাব। দীর্ঘদিন ইনজুরিতে কাটানোর পর শনিবার সতীর্থ উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরির ফের মাঠে প্রত্যাবর্তনে সন্তুষ্টি প্রকাশ করেছেন রোবেন। বলেন, এটি ছিল দারুণ একটি মুহূর্ত। ফ্রাঙ্কের জন্য, আমার জন্য, সবার জন্য। রিবেরি এখনো উজ্জীবিত আছেন। আমরা দীর্ঘ সময় ধরে একত্রে খেলে আসছি। আশা করি সময় গুলো বাধাহীন ভাবে সঠিক পথেই এগুবে। ফোর ফোর টু।