চলমান এসএসসি পরীক্ষায় কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত বিষয়ের নকল সরবরাহ ও দায়িত্বে অবহেলার দায়ে ছয় শিক্ষকসহ ৭ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার তাদের অব্যাহতি দেয়া হয়।
তারা হলেন- চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবদুল হান্নান, আয়েশা বেগম, শাহনাজ পারভিন, আবদুল বাতেন, বাতিসা বালিকা বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম, চান্দকরা সেকান্তর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল হালিম খন্দকার ও চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয়ের পিয়ন আবদুল হামিদ।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম বলেন, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চৌদ্দগ্রাম সরকারি কলেজ ভেন্যুতে তিন নম্বার কক্ষে পিয়ন আবদুল হামিদকে হাতেনাতে নকল সরবরাহের দায়ে আটক করা হয়। ভবিষ্যতে আর এরকম কাজ করবে না মর্মে মুচলেখা দিলে আবদুল হামিদকে কেন্দ্র সচিব ছালেহ আহমদ ভূঁইয়া ও প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে ছয় শিক্ষককেও অব্যাহতি দেয়া হয়।