রাজশাহী বাঘা উপজেলা সদরের দুইটি কেন্দ্রে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্ন বাইরে নিয়ে উত্তরপত্র তৈরি করে পরীক্ষার্থীদের কাছে সরবরাহের চেষ্টাকালে বিভিন্ন স্কুলের দুই প্রধান শিক্ষক ও একজন শিক্ষার্থীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে প্রচেষ্টা ৯২ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন-উপজেলার জোতনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত আলী, বালিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম আলী, সরেরহাট স্কুলের সহকারী শিক্ষক মাইনুল ইসলাম, জোতনসির জিল্লুর রহমান, পলাশী পতেপুরের রফিকুল ইসলাম, একই স্কুলের রফিক উদ্দিন, চন্ডিপুর স্কুলের আখতারুজ্জামান ও শাপলা খাতুন, তেপুকুরিয়া স্কুলের সাখোয়াত হোসেন, বারোখাদিয়া স্কুলের জাহাঙ্গীর হোসেন এবং জোননশী বালিকা বিদ্যালয়ের জিল্লুর রহমান। এছাড়াও সাকিব নামে একজন শিক্ষার্থী রয়েছে এই গ্রুপে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা সদরে বাঘা উচ্চ বিদ্যালয় ও ইসলামি একাডেমি কেন্দ্রে এসএসসির পরীক্ষা শুরু হওয়ার পরে পাশের একটি সেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা-৯২’র এর অফিসে গিয়ে অভিযুক্ত ১১ জন শিক্ষক ও একজন শিক্ষার্থী মিলে উত্তরপত্র দেখে দেখে নকল তৈরি করছিলেন। এর আগে পরীক্ষা কেন্দ্র থেকে উত্তরপত্র সংগ্রহ করে নিয়ে আসা হয় সেখানে। এরপর প্রশ্নের উত্তর তৈরি করে নিজ নিজ শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার আগেই খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলিশ নিয়ে পুরো এলাকা ঘিরে হাতেনাতে নকলসহ ১২ জনকে ধরে ফেলে। পরে সেখান থেকে তাদের থানায় নেয়া হয়।
সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নির্দেশে সবার বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার জানান হাতেনাতে আটকের পর সবার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
বাঘা খানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানান, আটককৃতরা বিভিন্ন স্কুলের শিক্ষক। শিক্ষার্থীদের কাছ থেকে টাকার বিনিময়ে কতিপয় শিক্ষক এই ধরনের অপরাধ করে আসছিল। এর আগে ইংরেজি বিষয়ের পরীক্ষাতেও একই কায়দায় তারা পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহ করেছে বলে স্থানীয় একাধিক সূত্র এ তথ্য জানান।
এ বিষয়ে বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সাথে কথা বললে তারা এসব বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন।