বুধবার মাঠে গড়াচ্ছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচেই ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এর আগেই হয়ে গেল এশিয়া কাপের ট্রফি উন্মোচন। মঙ্গলবার চার দেশের অধিনায়ককে নিয়ে উন্মোচিত হল এশিয়া কাপের ট্রফি।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ভারতের মহেন্দ্র সিং ধোনি, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্কা ও বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে আসা সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। তবে ছিলেন না পাকিস্তান টি-টুয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি।
বাংলাদেশে তৃতীয় বারের মতো শুরু হতে যাওয়া এশিয়া কাপে অংশ নিতে এখনো ঢাকায় আসেনি পাকিস্তান ক্রিকেট দল। দেশটিতে প্রথমবারের আয়োজিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল হবে মঙ্গলবার রাতে। তাই দলটি বাংলাদেশে আসবে বুধবার।
এশিয়া কাপ ট্রফির উন্মোচন অনুষ্ঠান শুরু করেন টুর্নামেন্ট পরিচালক সুলতান রানা। চার অধিনায়ক ছাড়াও অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি ও এশিয়া কাপের টাইটেল স্পন্সর মাইক্রোম্যাক্স এর চিফ মার্কেটিং অফিসার শুভজিত সিং।