‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত দক্ষিণ এশিয়া চাই’ স্লোগানকে সামনে রেখে অহিংসবাদী মহাত্মা গান্ধির স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাইয়ের গান্ধি আশ্রমে পাঁচ দেশের প্রতিনিধি নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ এশিয়ার প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে সাউথ এশিয়ান পিপলস ফোরামের উদ্যোগে মঙ্গলবার বিকেলে আশ্রম প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রতিনিধি মানিক সমাজদার। বক্তব্য রাখেন ভারতের অভিষেক রঙ্গন সেন, সীমা গুপ্তা, দিবেশ কান্তি সরকার, লিপিকা দে, নেপালের পার্থ প্রতিম সিং, নেপাল চিত নারায়ণ, রাম কুমার, কল্যাণী লামা, লাভলী ইয়াসমিন, বাংলাদেশের জান্নাত ফাতেমা, রাহারানী সুলতানা (বাহার), সুবল সরকার, সুলতানা বেগম প্রমুখ। এছাড়া স্থানীয় প্রতিনিধিদের মধ্যে সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, আ.লীগ নেতা গোলাম মোস্তফা বাদল, শহিদুল্লাহ মিঞা প্রমুখ।
সম্মেলনে শুরুর আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে পাঁচ দেশের পতাকা উত্তোলন ও অতিথিদের উত্তরীয় পরিয়ে তাদের সম্মাননা প্রদান করা হয়।
সম্মেলনে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত এই অঞ্চল গড়ে তুলতে এসব দেশের সব মানুষকে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।