সংযুক্ত আরব আমিরাতে পন্য আমদানী -রপ্তানী ব্যবসার এ ক্ষেত্রটি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল নন বাংলাদেশি ব্যবসায়ীরাও। তেমনি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও সম্যক অবগত নন বাংলাদেশি পণ্য সম্পর্কে। ফলে চাহিদা অনুযায়ী যোগান অপ্রতুল এবং সে কারনেই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি পণ্য মূল্যেরও তেমন কোন নিয়ন্ত্রণ নেই । উল্লেখ্য যে, দুবাই আমিরাতের বাণিজ্যিক রাজধানী ও ব্যাবসার প্রাণ কেন্দ্র হলেও দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে তেমন কোন জোরালো ভূমিকাও লক্ষ্য করা যায় না । এমন কি আবুধাবী দূতাবাসেরও এ ব্যাপারে তেমন কোন উদ্যোগ চোখে লাগার মত নেই। সরকারিভাবে বাংলাদেশি পণ্যসামগ্রী সংযুক্ত আরব আমিরাতে রপ্তানী করার কোন সুনিদিষ্ট নীতিমালাও নেই । যে সমস্ত বাংলাদেশি পণ্য খানে আসছে বা প্রবাসীরা পাচ্ছে তা ব্যক্তিগত ও সমষ্টিগত উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে। বাংলাদেশি পণ্যসামগ্রী রপ্তানীতে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যৌথ মেলা, সেমিনার, বাণিজ্যিক দলের সফরের মত কার্যক্রম বিশেষ ভূমিকা রাখতে পারে বলে অভিজ্ঞ মহলের অভিমত ।
সংযুক্ত আারব আমিরাতে বাঙ্গালী অধ্যুষিত মার্কেট গুলোতে কতগুলো বাংলাদেশি পণ্য অন্যান্য দেশের পণ্যের চেয়ে সস্তা ও উত্তম । আবার কতগুলো পণ্য বাংলাদেশ থেকে আমদানীকৃত পণ্যের সঙ্গে স্থানীয় ভাবে উৎপাদিত ও পাশ্ববর্তী দেশ থেকে আমদানীকৃত পণ্যমূল্যের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। আবার একই পণ্য বাংলাদেশের বাজারের সঙ্গে আরব আমিরাতের মার্কেটে ব্যাপক পার্থক্য। বাংলাদেশি এসব মার্কেটে বাংলাদেশি পণ্যের বিপুল সমাহার লক্ষনীয়। শাক-সব্জি, আম ,কাঠাল, হিমায়িত মাছ, চাল, তেল, মুড়ি, গুড়, চানাচুর, সেমাই, বিস্কুট, সাবান, জুস, জামা কাপড়, টুপি-লুংগি, মরিচ মসল্লা কি নেই এসব মার্কেটে। কিন্তু ক্রেতাদের অভিযোগ রয়েছে দাম ও মানের বিষয়টিতে।
প্রতিদিন মার্কেট গুলোতে প্রচুর প্রবাসী বাংলাদেশি ক্রেতার ভীড় থাকলেও তাদের চাহিদা অনুযায়ী এসব পণ্য সামগ্রী তাদের হাতে সুলভে তুলে দেয়া কষ্টকর হয়ে দাঁড়ায় বলে অনেক প্রবাসী ব্যবসায়ীরা জানায়। কারন, বাংলাদেশ থেকে আসা পণ্যগুলোর উচ্চমূল্য। আবার আমিরাতের প্রতিটি এলাকায় নামকরা সব দোকান, সুপার মার্কেট ও হাইফার মার্কেটগুলোতে বাংলাদেশি পণ্য সামগ্রী পাওয়া যায় না । ফলে অনেক প্রবাসী ইচ্ছে থাকা সত্তেও তাঁরা নিজ দেশের পণ্য কিনতে পারছেন না । তবে আশার কথা যে, ইদানিং বাংলাদেশি কয়েকটি প্রতিষ্টান বাংলাদেশি পণ্যসামগ্রী আরব আমিরাতের প্রতিটি এলাকায় সামান্য হলেও সরবরাহ করছে বা সরবরাহ করার উদ্যোগ নিয়েছে। এদের মধ্যে আলম সুপার মার্কেট গ্রুপ এবং প্রাণ গ্রুপ উল্লেখযোগ্য। যার মাধ্যমে অনেক প্রবাসী তাদের আকাংখার সামান্যতম অংশ হলেও পূরণ করতে সম্মত হচ্ছে। যদি সঠিক পরিকল্পনা গ্রহন করে এবং সরকারি – বেসরকারি উদ্যোগে দেশীয় পণ্যসামগ্রী আমিরাতে রপ্তানীর ব্যবস্থা করা হয়, তাহলে আরব আমিরাত মধ্যপ্রাচ্যে বাংলাদেশী পণ্যের অন্যতম বাজারে পরিনত হবে ।