গাংনীতে হাসিবুল হত্যা মামলার আসামি গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের হাসিবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মিনারুল ইসলাম কালুকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার সকাল ১০ টার দিকে গাংনী থানার ধানখোলা বাজারে অভিযান চালিয়ে মিনারুল ইসলাম কালুকে গ্রেফতার করে।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
গত শনিবার রাত ৯ টার দিকে রাধাগোবিন্দ-ধলা গ্রামের আলাই হোসেনের চায়ের দোকানে হাসিবুল ইসলামকে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা হাসিবুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে মারা যায় তিনি।
 
পরের দিন রবিবার নিহত হাসিবুলের মা সাহানারা বাদি হয়ে মিনারুল ইসলামকে প্রধান আসামি করে গাংনী থানায় ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং ২৫, তাং ২২-০২-১৬। 
 
নিহত হাসিবুল ইসলাম গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের সরকারপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
 
হাসিবুল হত্যাকাণ্ডের প্রধান আসামি মিনারুল ইসলাম ওরফে কালু তার স্বীকারোক্তিতে বলেন, '১৮ ফেব্রুয়ারি রাতে রাধাগোবিন্দপুর ধলা গ্রামের সোহান ক্যাডেট স্কুলে ইসলামী জলসা চলাকালীন সময়ে নিহত হাসিবুল ইসলাম আমার অনুপস্থিতে স্ত্রী আম্বিয়া খাতুনকে শ্লীলতাহানি ঘটায়। এর জের ধরে তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করি।'
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, আসামি কালু পুলিশের কাছে ঘটনা স্বীকার করায় কাঃবিঃ ১৬৪ ধারায় জবান বন্দী রেকর্ড করার জন্য আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।