মঠের যজ্ঞেশ্বর হত্যা ও গোপাল হত্যাচেষ্টাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল বুধবার সকালে দেবীগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। দেবীগঞ্জ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে। সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে মানববন্ধন কর্মসূচি চলে ঘন্টাব্যাপী। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে কলেজের অধ্যক্ষ মো. আনিছুর রহমান, উপাধ্যক্ষ উমাপতি রায়, সহকারী অধ্যাপক নাসিরউদ্দিন চৌধুরী, আবু বাকের, গোলাম রব্বানী, প্রভাষক নাজমুন নাহার, গোলাম কিবরিয়া, শিক্ষার্থী শাপলা আখতার ও জাদব কুমার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা যজ্ঞেশ্বরের হত্যাকারীদের এবং গোপাল চন্দ্র রায়কে হত্যা চেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।