জীবননগরে পিকনিকের বাসের ধাক্কায় করিমনচালক আব্দুল খালেক (৩২) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন করিমনের যাত্রী শান্তনা খাতুন (২২)। বুধবার বেলা ১২টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের হাসাদাহ জোড়া ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত করিমনচালক আব্দুল খালেক উপজেলার বকুন্ডিয়া গ্রামের জয়নাল মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোর জেলার মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের একটি ক্লাব হতে পিকনিক পার্টি মায়ের দোয়া পরিবহনের যশোর-ব-০২-০০২৬ বাসযোগে মুজিবনগরে পিকনিকে যাচ্ছিলো। এ সময় হাসাদাহ হতে করিমন নিয়ে বকুন্ডিয়ায় যাওয়ার পথে পিকনিকের বাসের সাথে করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত গৃহবধূ শান্তনার একটি পা শরীর থেখে বিচ্ছিন্ন হয়ে গেছে। সে বকুন্ডিয়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়ার সময় পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।