ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০ টুর্নামেন্ট জয়ের পর হঠাত্ করেই যেন খেই হারিয়ে ফেলেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ওয়ানডে ফরম্যাটের মূল লিগ শুরু হতেই টানা দুই ম্যাচ হেরেছে নুরুল হাসান সোহানের দল। অবশেষে প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে এসে জয়ের দেখা পেল শেখ জামাল। গতকাল ফতুল্লায় লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্য এক জয়ে ছন্দে ফিরল ক্লাবটি।
জিয়াউর রহমানের অলরাউন্ড নৈপুণ্যে রীতিমতো থ্রিলার জয়ের আনন্দই সঙ্গী হয়েছে শেখ জামালের। ফতুল্লায় আগে ব্যাট করে ৩৫.১ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায় তারা। এই টার্গেটই পাড়ি দিতে গিয়ে ২৯ ওভারে ৯৪ রানে গুটিয়ে গেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ১২ রানের রোমাঞ্চকর জয় পায় শেখ জামাল। ব্যাটিংয়ে ৪১ ও বোলিংয়ে ২৩ রানে পাঁচ উইকেট নিয়ে জিয়াউর ম্যাচ সেরা হন। লিগে শেখ জামালের এটি প্রথম জয়, শাইনপুকুরের টানা তৃতীয় হার।
গতকাল বিকেএসপিতে দিনের অপর ম্যাচে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে নয় উইকেটে পরাজিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লিগে প্রাইম ব্যাংকের এটি দ্বিতীয়, রূপগঞ্জের প্রথম হার।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মিডল অর্ডারে জিয়াউরের ইনিংস সর্বোচ্চ ৪১ রানেই একশো পার হয় দলের স্কোর। পুুনীত বিস্ট ২২, তানবির হায়দার ১৪, নাসির ১৩ রান করেন। শাইনপুকুরের সাব্বির হোসেন চারটি, শরীফুল ইসলাম তিনটি, দেলোয়ার হোসেন দুটি করে উইকেট পান।
১০৭ রানের টার্গেটে খেলতে নেমে ৪৬ রানের ওপেনিং জুটিতে শুরুটা ভালোই ছিল শাইনপুকুরের। ওপেনিং জুটি ভাঙার পরই মড়ক লাগে তাদের ইনিংসে। জিয়াউর, সালাউদ্দিন শাকিল গুঁড়িয়ে দেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন। সাব্বির হোসেন ২৬, উদয় কৌল ১৭, সোহরাওয়ার্দী শুভ ১৩ রান করেন। আর কেউ দুঅঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। শেখ জামালের জিয়াউর পাঁচটি, সালাউদ্দিন শাকিল চারটি উইকেট নেন।
বিকেএসপিতে ৪৬.১ ওভারে ১৬৩ রানে অলআউট হয় রূপগঞ্জ। মোহাম্মদ নাঈম ৫২, জাকের আলী ৪৭, নাঈম ইসলাম ১৫, রিশি ধাওয়ান ১৩, আসিফ আহমেদ রাতুল ১২ রান করেন। প্রাইম ব্যাংকের অলক কাপালি, মোহর শেখ, রাজ্জাক, আরিফুল হক, আল-আমিন হোসেন দুটি করে উইকেট নেন। পরে লিস্ট-এ ক্রিকেটে বিজয়ের দশম সেঞ্চুরিতে ৩১.৩ ওভারে এক উইকেটে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে নেয় প্রাইম ব্যাংক। বিজয় ১১১ বলে অপরাজিত ১০০ রান (১২ চার, ২ ছয়) করে ম্যাচ সেরা হন। রুবেল মিয়া ৪৪, সুদীপ চ্যাটার্জি অপরাজিত ১৫ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-শাইনপুকুর ক্রিকেট ক্লাব
শেখ জামাল: ৩৫.১ ওভারে ১০৬ (জিয়াউর ৪১, পুনীত বিস্ট ২২, তানবির হায়দার ১৪, নাসির ১৩; সাব্বির হোসেন ৪/২৮, শরীফুল ইসলাম ৩/২০, দেলোয়ার ২/১৪, সোহরাওয়ার্দী শুভ ১/২১)। শাইনপুকুর: ২৯ ওভারে ৯৪ (সাব্বির হোসেন ২৬, উদয় কৌল ১৭, সোহরাওয়ার্দী শুভ ১৩; জিয়াউর ৫/২৩, সালাউদ্দিন শাকিল ৪/২১, শহীদুল ১/৩২)। ফলাফল: শেখ জামাল ১২ রানে জয়ী।
লিজেন্ডস অব রূপগঞ্জ- প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
রূপগঞ্জ: ৪৬.১ ওভারে ১৬৩ (মোহাম্মদ নাঈম ৫২, জাকের আলী ৪৭, নাঈম ইসলাম ১৫, রিশি ধাওয়ান ১৩, আসিফ আহমেদ রাতুল ১২, আসিফ হাসান ১১; অলক কাপালি ২/১২, মোহর শেখ ২/১৪, রাজ্জাক ২/২৫, আরিফুল হক ২/৩৮, আল-আমিন হোসেন ২/৪৮)
প্রাইম ব্যাংক: ৩১.৩ ওভারে ১৬৬/১ (এনামুল হক বিজয় ১০০*, সুদীপ চ্যাটার্জি ১৫*, রুবেল মিয়া ৪৪; নাবিল সামাদ ১/৩৬)।
ফলাফল: প্রাইম ব্যাংক ৯ উইকেটে জয়ী।