চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে গোলশূণ্য ড্র করে ফিরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। পিএসভির মাঠে দ্বিতীয়ার্ধের অনেকটা সময় এক জন বেশি নিয়ে খেলেও প্রত্যাশিত জয় পায়নি স্প্যানিশ দলটি।
নিজেদের মাঠে প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে আইন্দহোভেন এগিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি পেয়েছিল অ্যাটলেটিকো। ৩০তম মিনিটে গোল পেয়েই যেতে পারতো তারা, কিন্তু ফরাসি স্ট্রাইকার আন্তোনি গ্রিজমান গোলরক্ষককে একা পেয়েও আট গজ দূর থেকে ব্যর্থ হন। এর একটু পরে স্প্যানিশ মিডফিল্ডার কোকেও সহজ সুযোগ নষ্ট করেন।
IMG0
৬১তম মিনিটে আক্রমণের ধার বাড়াতে আর্জেন্টিনার ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েতোকে তুলে অভিজ্ঞ স্ট্রাইকার ফার্নান্দো তোরেসকে নামান অ্যাটলেটিকো কোচ। কিন্তু তিনিও দলকে সাফল্য এনে দিতে পারেননি, ৭০তম মিনিটে হুয়ানফ্রানের নিচু ক্রস পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন এই স্প্যানিশ তারকা।
এর খানিক আগে পিএসভির উরুগুয়ের স্ট্রাইকার গাস্তোন পেরেইরো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে সম্ভাবনা বাড়ে অ্যাটলেটিকোর। কিন্তু বাকি সময়ে প্রতিপক্ষের চেয়ে এক জন বেশি নিয়ে খেলেও কাঙ্ক্ষিত গোল করতে পারেনি তারা। আগামী ১৫ মার্চে সেরা ষোলোর ফিরতি লেগের ম্যাচ খেলতে অ্যাটলেটিকোর মাঠে যাবে পিএসভি আইন্দহোভেন। দিনের অন্য ম্যাচে ইউক্রেনের ক্লাব দিনামো কিয়েভকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। গোল.কম।