নগরায়নের এই সময় এক টুকরো বাগান আর একটু সবুজ এ যেন সোনার হরিণের মতো, দেখা পাওয়া ভীষণ কঠিন। সত্যি বলতে আমরা এমন একটি জীবন ধারার মধ্য দিয়ে যাচ্ছি যেখানে চাইলেও বাগান করার এই স্বপ্নটা সহজে পূরণ করা হয়ে উঠে না। কিন্তু আপনি এখন চাইলেই বাগান করার স্বপ্নটা এবার পূরণ করতে পারেন, আপনার শহুরে বাড়ি বা ফ্ল্যাটের ছোট্ট পরিসরে বানাতে পারেন সুন্দর এক টুকরো বাগান। যেটাকে “উইন্ডো গার্ডেন” বা জানালা বাগান বলতে পারি। একটি উইন্ডো বক্সে খুব সহজে বাগান করা যায়। আর এটি আপনার বাড়ির সাজসজ্জা বহুগুণ বাড়িয়ে তুলে সাহায্য করবে।
যেভাবে উইন্ডো গার্ডেন করবেন
আপনার বাড়ি বা ফ্ল্যাটের জানালাগুলো বাগান করার উপযুক্ত স্থান। প্রথমে জানলা নির্বাচন করুন, সাধারণত সব জানালায় গ্রিল থাকে আর যেসব জানালায় গ্রিল নেই সেক্ষেত্রে জানালায় আড়াআড়িভাবে একটি লোহার রড বা স্টিলের তার দিয়ে লাইন বানিয়ে নিন। এরপর টব নির্বাচন করুন, উইন্ডো গার্ডেনের জন্য প্ল্যাস্টিকের টব জরুরি। আপনি চাইলে আপনার বাড়ির পেইন্টিঙের জন্য আনা প্লাস্টিকের বালতিটিও ব্যবহার করতে পারেন। বাড়ির সাজসজ্জার কথা মাথায় রেখে উজ্জ্বল রঙের ফুল বা অর্কিডের গাছ নির্বাচন করুন। টবে গাছের বৃদ্ধিতে সহায়তা করবে এমন মাটি ভরে বীজ অথবা গাছের চারা রোপণ করুন। এবার টবটি জানালায় ঝুলিয়ে দিন। অথবা জানালার সামনে কোন ফাঁকা জায়গায় রাখুন। গাছের যত্ন নিতে ভুলবেন না। নিয়মিত পানি দিন গাছের স্বাস্থ্য ও বৃদ্ধির প্রতি নজর দিন। কিছুদিন পরই দেখবেন আপনার ছোট্ট জানালাটি একটি সুন্দর বাগানে রূপান্তরিত হয়েছে।
যে ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন
উইন্ডো গার্ডেন করতে গেলে যেটি সবার আগে মনে রাখতে হবে সেটি হল বাড়ির সৌন্দর্য বাড়াতে গিয়ে আপনার জানালাটি পুরো গাছপালা দিয়ে বন্ধ করে ফেলবেন না। দূরত্ব রেখে টব ঝুলান যাতে ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে।
জংলা গাছপালা লাগাবেন না। ভালো অর্কিড বা ফুলের গাছ লাগান। এতে আপনার বাড়ির সৌন্দর্য বাড়বে সঙ্গে আপনার ঘরের পরিবেশ মোহনীয় হয়ে উঠবে।
গাছের নিয়মিত দেখাশোনা করুন, পোকামাকড় যাতে করে গাছে আক্রমণ করতে না পারে সেদিকে নজর দিন। গাছে পোকামাকড়ের সংক্রমণ হলে বাড়ির পরিবেশ নষ্ট হবে। টবে যেন অতিরিক্ত পানি না জমে সেদিকে খেয়াল রাখুন।
আজই আপনার শহুরে বাড়িতে একটি উইন্ডো গার্ডেন করে আপনার বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলুন। আর যান্ত্রিক নগরে একটুকরো সবুজ বাগানের স্বপ্ন পূরণ করুন।