বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে শেষ ওয়ানডেটা খেলে ফেলল ভারতীয় দল। কিন্তু মুশকিল হলো, সেই ম্যাচ থেকে তারা যে স্মৃতি উপহার পেয়েছে, তাতে বিশ্বকাপের আত্মবিশ্বাস নড়ে যাওয়ারই কথা।
ভগ্নশক্তির অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাটিতে সিরিজ হারের অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে যাওয়াটা সুখকর হওয়ার কথা নয়। এমনকি এটা দলকে আতঙ্কিত করে ফেলতে পারে বলেও ভারতীয় সংবাদ মাধ্যম মনে করছে। কিন্তু সিরিজ শেষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পরিষ্কার বলে দিয়েছেন, তাদের দলে কেউ আতঙ্কিত নন। সেই সঙ্গে বিশ্বকাপে তারা কোন একাদশ খেলাবেন, এ নিয়েও তাদের কোনো সংশয় নেই বলে দাবি করছেন কোহলি। এই সিরিজ হারে তাদের ইতিবাচক মানসিকতা বদলাবে না বলেই তিনি মনে করেন।
দিল্লিতে শেষ ওয়ানডেতে ৩৫ রানে হেরেছে ভারত। প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। এরপর টানা তিন ওয়ানডে জিতে ভারতের মাটিতে দুর্লভ এক সিরিজ জিতে নেয় সফরকারী অস্ট্রেলিয়া। ২০১০ সালের পর থেকে এ নিয়ে মাত্র তৃতীয়বার ঘরের মাঠে সিরিজ হারল ভারত।
এই পরাজয় তাদের মানসিকভাবে ভেঙে দিতে পারছে না বলেই দাবি করছেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান কোহলি। তিনি বলছিলেন, ‘ড্রেসিংরুমে কোনো খেলোয়াড়ই আতঙ্কিত বোধ করছে না। কোনো সাপোর্ট স্ট্যাফ এই পরাজয়ের ফলে মাথা নিচু করে ফেলছেন না। শেষ তিন খেলায় কী করতে চাচ্ছিলাম, এটা আমরা পরিষ্কার জানি। বিশ্বকাপের আগে এটা শেষ ওয়ানডে ছিল বলে এত হতাশ হওয়ার সুযোগ নেই। একটা দল হিসেবে আমরা খুবই ভারসাম্যপূর্ণ। স্রেফ ওই সময়ের চাপে ওরা (অস্ট্রেলিয়া) আমাদের চেয়ে ভালো খেলেছে বলে জিতে গেছে।’
কোহলি বলছেন, এই পরাজয়ের ফলে তারা একাদশ বদলে ফেলার জন্য ব্যস্ত হয়ে যাবেন, এমন ভাবার কোনো কারণ নেই। কন্ডিশন অনুযায়ী হয়ত একটা বদল হলেও হতে পারে। কিন্তু একাদশ নিয়ে তারা পরিষ্কার, ‘একটা দল হিসেবে আমরা বিভিন্ন কন্ডিশন অনুযায়ী একাদশ করে থাকি। হয়ত সে জন্য একটা পরিবর্তন হতে পারে। কিন্তু এই ব্যাপারটা বাদ দিলে আমরা খুবই পরিষ্কার যে, আমরা কোন একাদশ নিয়ে বিশ্বকাপ খেলব।’
কোহলি মুখে এই নিশ্চয়তার কথা বললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই পুরো সিরিজ জুড়েই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গেছে ভারত। এই সিরিজে রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেদার যাদব, কোহলি ও বিজয় শঙ্কর সবগুলো ম্যাচ খেলেছেন। বাকিরা ঘুরে ফিরে সুযোগ পেয়েছেন। শেষ ম্যাচে ভারত খুব অস্বাভাবিক ভাবে ৫ জন জেনুইন বোলার নিয়ে খেলেছে।
এসব পরীক্ষার ব্যাপারে বলতে গিয়ে কোহলি বলছেন, এটা তাদের পরিকল্পনারই অংশ ছিল। তারা বেঞ্চের শক্তিটা যাচাই করে দেখতে চেয়েছিলেন, ‘শেষ তিন ম্যাচে আমাদের পরিকল্পনা ছিল বেঞ্চের ছেলেদের কিছুটা সুযোগ দেওয়া। তাদেরও কিছু ম্যাচ খেলার সুযোগ দেওয়া এবং দেখা যে ওইসব পজিশনে তারা কেমন প্রতিক্রিয়া দেখায়। আর এই তিন ম্যাচ ছাড়া এটা করার আমাদের সামনে আর কোনো সুযোগও নেই। তবে এটাকে আমি কোনো অজুহাত করতে চাই না। আমাদের অবশ্যই খেলার মান আরও বাড়াতে হবে।’