বুড়িগঙ্গায় ট্রলার ডুবি : ৬ শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ট্রলারের ৬ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধা সোয়া ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগরে বুড়িগঙ্গা নদী থেকে একে একে ছয়জনের লাশ উদ্ধার করা হয়।বুধবার রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে।
 
বুধবার দুপুরে ঘূর্ণিঝড়ের সময় ঢাকামুখী খালি একটি বালুর ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে মাটি ভর্তি এমভি রহমত উল্লাহর উপরে উঠে গেলে সেটি ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা ৩০ শ্রমিকের মধ্যে ২৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ঘুমিয়ে থাকা ৬ শ্রমিকের মৃত্যু হয়।
 
খবর পেয়ে দুপুর ৩টার দিকে ঢাকার সদরঘাট থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুররি ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সোয়া ছয়টায় আবু তালেব সরকার নামের এক শ্রমিকের লাশ আলীরটেক ব্রীজের নিচে পাওয়া যায়। নিহত আবু তালেবের বাবার নাম চয়ন উদ্দিন সরকার।
 
সন্ধা সাড়ে সাতটায় ঘটনাস্থলের অদূরে নিজাম ওরফে নেজাব আলির লাশ উদ্ধার করা হয় । তার পিতার নাম মমতাজ আলী। এরপর শাহীন ও সুজনের লাশ উদ্ধার করা হয় । রাত সাড়ে ১০টার দিকে সবুজ ওরফে সূযোগ এবং শরীফুলের লাশ উদ্ধার করা হয়। শরিফুলের পিতার নাম শহীদুল ইসলাম।তাদের সকলের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ফাজিলপুর গ্রামে ।
 
ফতুল্লার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, ঘূর্ণিঝড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় শুরু হলে খালি ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যাওয়া ট্রলারের উপরে উঠে যায়। এতে মাটি ভরা ট্রলারটি ডুবে যায়।