‘রুগ্ন শিল্প পুনরুজ্জীবিত করতে কাজ করছে সরকার’

 
রুগ্ন শিল্প চিহ্নিতকরণ ও এদের পুনরুজ্জীবিত করতে সরকার বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে বলে জানালেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য তালুকদার মো. ইউনুসের এক প্রশ্নের জবাবে আরো বলেন, শিল্প মন্ত্রণালয় নন-টেক্সটাইল খাত এবং বাণিজ্য মন্ত্রণালয় টেক্সটাইল খাতের রুগ্নশিল্পগুলোকে চিহ্নিত করে থাকে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক রুগ্নশিল্পের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও তা বাস্তবায়নের মাধ্যমে এদের পুনর্বাসন ও ঋণ হিসাব অবসায়নের সুযোগ সৃষ্টি করে থাকে।
 
শিল্পমন্ত্রী বলেন, এ পর্যন্ত পোশাক শিল্পের ২৯৭টি এবং নন-টেক্সটাইল শিল্প খাতের ৪১১টি প্রতিষ্ঠানকে রুগ্ন শিল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় টেক্সটাইল এবং নন-টেক্সটাইল খাতের মোট ৪২৬টি রুগ্ন শিল্পের জন্য সুদ ভর্তুকিসহ নমনীয় পরিশোধসূচিতে ঋণ হিসাব অবসায়নের বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং এ প্যাকেজের আওতায় অধিকাংশ ঋণ হিসাব নিষ্পত্তি করা হয়েছে।
 
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে রুগ্ন শিল্পের জন্য ইতোপূর্বে ঘোষিত সুবিধার মত একই ধরনের সুযোগ দিয়ে এগুলোর ঋণহিসাব অবসায়নে ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করেছে।
 
শিল্পমন্ত্রী বলেন, রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সচল রাখার সুবিধার্থে প্রযোজ্য ক্ষেত্রে নমনীয় ডাউন পেমেন্ট ও সহজ কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ দিয়ে এরূপ প্রতিষ্ঠানকে ঋণ পুনঃতফসিলিকরণ সুবিধা প্রদান করা হচ্ছে। অনেক শিল্প প্রতিষ্ঠান নানাবিধ কারণে রুগ্ন মিল্পে পরিণত হয়ে থাকে এবং রুগ্ন শিল্পে পরিণত প্রতিষ্ঠানকে উল্লেখিত উপায়ে সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে পুনরুজ্জীবিতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। এটি একটি চলমান প্রক্রিয়া বলে তিনি উল্লেখ করেন।