বিশ্বকাপ দাবার বাছাই শুরু আজ

দেশের মাটিতে আবারও বিশ্বকাপ দাবার বাছাই এবং বিশ্বদাবার মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই আজ শুরু হতে যাচ্ছে। প্রায় বার বছর আগে ঢাকায় আঞ্চলিক এই বাছাই একবার হয়েছিল। বাছাই টুর্নামেন্টের নাম বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের কোয়ালিফাইং এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ জোন- ৩.২। অনেক দিন পর আবার সেটি নিয়ে দাবা অঙ্গন যেন সরব। কারণ, এখানে এবার দেশের সব কয়জন গ্র্যান্ডমাষ্টার লড়াই করছেন। আছেন নারী দাবাড়ুরাও। আসছেন উপ-মহাদেশের একাধিক দাবাড়ু। ওপেন বিভাগে দেশের ৫ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব, রিফাত বিন সাত্তার ও নিয়াজ মোরশেদ। সঙ্গে রয়েছেন দুই আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও  মিনহাজ উদ্দিন। তারপরও সব মিলিয়ে এখানে প্রায় অর্ধশতাধিক দাবাড়ু লড়াই করবেন। মহিলা বিভাগে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা, শারমীন সুলতানা শিরিন, তনিমা পারভীন, সৈয়দা শাবানা পারভীন নীপা ও জাকিয়া সুলাতানাসহ ৩০ জন দাবাড়ুু খেলবেন বলে জানিয়েছে দাবা ফেডারেশন।

ওপেন বিভাগের চ্যাম্পিয়ন আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ পাবেন। মহিলা বিভাগের চ্যাম্পিয়ন খেলবেন বিশ্ব দাবা মহিলা চ্যাম্পিয়নশিপে, যেটি হবে ২০২০ সালে। খেলা হবে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ভবনের দশম তলার মিলনায়তনে।