অবৈধ বালু উত্তোলনে ব্যবসায়ীর জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের পাইপ, শ্যালো মেশিন ও তিনটি ট্রাক্টর জব্দ করা হয়। বৃহস্পতিবার বোতলাগাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানায়, চান্দিয়ার ডাঙ্গা ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন করছে- এমন অভিযোগের ভিত্তিতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গি ও সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু উত্তোলনের পাইপ, শ্যালো মেশিন ও তিনটি ট্রাক্টর জব্দ করে সৈয়দপুর থানায় নিয়ে যায়। বিকালে থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু উত্তোলনকারী ব্যবসায়ী মোনায়েম এর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
দীর্ঘদিন থেকে স্থানীয় কিছু ব্যক্তিকে ম্যানেজ করে মোনায়েমসহ কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার মো. আমিরুল ইসলাম।