মাইক্রোবাসকে ২০০ মিটার ঠেলে নিয়ে গেল ট্রেন

রাজশাহী নগরের বর্ণালীর মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস একটি মাইক্রোবাসকে ঠেলে নিয়ে যায়। পরে ট্রেন থামলে মাইক্রোবাসের চালক আল আমিনকে (২০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে 
এ ঘটনা ঘটে।
 
আহত চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার বাড়ি নগরের দাসপুকুর এলাকায় বলে জানা গেছে। 
 
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আসছিল। ওই সময় অসাবধানতাবশত চালক মাইক্রোবাস নিয়ে লাইনের উপরে উঠে পড়ে। সংঘর্ষের পর ট্রেনটি মাইক্রোবাসটিকে ঠেলতে ঠেলতে ২০০ মিটারের বেশি দূরে নিয়ে যায়। অবশেষে চালক ট্রেন থামালে স্থানীয় লোকজন মাইক্রোর মধ্যে আটকে থাকা চালক আল আমিনকে উদ্ধার করে। 
 
রাজশাহী জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসলাম জানান, ঘটনার পরে ট্রেনটি থেমে না গেলে আরও বড় ক্ষতি হতে পারতো। মাইক্রোবাস চালক অসাবধানতাবশত রেল লাইনে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে।