স্বাগত না জানানোয় গাংনী কাজিপুর কলেজে ভাংচুর-তালা

গাংনী কাজিপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সেলিনা আকতার বানুকে স্বাগত না জানানো ও মঞ্চ তৈরি না করায় কলেজে ভাংচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে তার সমর্থিত লোকেরা । সেই সঙ্গে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের কাজ বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কলেজ অধ্যক্ষ। 
 
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। তবে এমপি সেলিনা আকতার বানু বলেছেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। সমঝোতা হয়ে গেছে। 
 
কলেজ অধ্যক্ষ মোকাদ্দেস হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে কলেজ সভাপতি ও সংসদ সদস্য সেলিনা আকতার বানুর কলেজে বৈঠক করার সিদ্ধান্ত হয়। সেলিনা আকতার সেখানে গেলে তাকে ছাত্র-ছাত্রীরা লাইনে দাঁড়িয়ে স্বাগত জানায়নি এবং মঞ্চ তৈরি না করায় ক্ষিপ্ত হন এমপি ও তার সফর সঙ্গিরা। এক পর্যায়ে তারা কলেজের জানালার কাঁচ ভাংচুর করে ও ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। সেই সঙ্গে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
 
নতুন ভবন নির্মানকারী প্রতিষ্ঠানের ঠিকাদার ইদ্রিস আলী জানান, কলেজ অধ্যক্ষ ও এমপি সাহেবের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে তাই বলে নতুন ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার কোন যুক্তি নেই। কাজের ধরণ খারাপ হলে এমপি সাহেব অভিযোগ করতে পারেন। তাই বলে কাজ বন্ধ করে দিতে পারেন না।
 
সংসদ সদস্য সেলিনা আকতার বানু জানান, একজন জনপ্রতিনিধি ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কলেজে যাবেন আর তাকে আপ্যায়ন বা স্বাগত জানাবে না, সম্মান জানাবে না এটা ঠিক না। কলেজটি শিবির ও বিএনপি ক্যাডারদের নিয়ন্ত্রণে। কলেজ অধ্যক্ষ তাদের নিয়েই অপমানজনক আচরণ করেছেন। তাই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পরে অবশ্যই সমঝোতা করা হয়। অধ্যক্ষকে শোকজ করবেন বলেও জানান সংসদ সদস্য সেলিনা আকতার বানু।
 
কাজিপুর গ্রামের যুবলীগ নেতা আব্দুল আলীম জানান, শুক্রবার সকাল পর্যন্ত মূল ভবনে তালাসহ সকল রুমে তালা ঝুলিয়ে চাবি নিয়ে গেছে এমপি সেলিনা আকতার বানুর লোকজন। তাই নির্মাণাধীন বিল্ডিংয়ের কোন মালামাল ব্যবহার করতে পারছেন না ঠিকাদার। আবার চাবি কোথায় সেটিও জানা যায়নি।