ঝিনাইদহে জনপ্রিয় হচ্ছে ছাদবাগান। বছর বিশেক আগে শখের বশে দু’একজন বাড়ির ছাদে বাগান তৈরি শুরু করে। তাদের দেখাদেখি এখন অনেকে ছাদবাগান তৈরি করেছে। বাড়ছে ছাদবাগানের সংখ্যা। ঝিনাইদহ শহরের হামদো এলাকার বাসিন্দা সিভিল সার্জন ডাক্তার রাশেদা সুলতানা। তিনি চাকরির পাশাপাশি সুন্দর একটি ছাদবাগান তৈরি করেছেন। চারতলার ছাদে তার বাগান। ২০০১ সালে বাগান তৈরি শুরু করেন। ছাদের গাছে ১৮ বছর ধরে আম ধরছে। বাগানে আছে শাক-সবজি, লেবু, সফেদা, কামরাঙ্গাসহ নানান ফুলফল। শহরের আরাপপুর পশ্চিমপাড়ার কলেজ ছাত্র তানভির আহম্মেদের ছাদ বাগানে প্রায় দু’শ’ প্রজাতির গাছ আছে। স্কুলের পাশের নার্সারি দেখে বাগান করার শখ জাগে তার। কিন্তু বাড়িতে বাগান করার মত জমি নেই। ২০১১ সালে বাড়ির ছাদে বাগান শুরু করে। শহরের তার বাগান সবচেয়ে বড়। তিনি শহরের ৩০ জনকে ছাদবাগান করতে সহযোগিতা করেছেন।